২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আরেকটি মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ভোলায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 05:23 PM

ভোলা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ভোলায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। সোমবার ভোলা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম কিরণ শংকর হালদার মামলা গ্রহণ করে আগামীকাল আদেশের দিন ধার্য করেছেন বলে বাদির আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন জানান। মামলার দুই আসামি হলেন- বিএনপির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তাদের বিরুদ্ধে রোববার ঢাকা, নড়াইল ও মুন্সীগঞ্জে মামলা হয়েছে। এর আগে হয়েছে যশোরে। প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির অভিযোগে করা কয়েকটি মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও আসামি। এসব মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, "আপনার বাবার যে পরিণতি হয়েছে আপনারও তাই হবে"। রফিকুল ইসলাম মিয়া বলেছেন, "আপনার বাবা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় আল্লাহর নির্দেশে উপরে চলে গেছেন। আপনিও আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন"। ওই সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.