২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগসেসে পুরস্কারে ভূষিত বাংলাদেশের নোমান খান

সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর নির্বাহী পরিচালক এএইচ এম নোমান খান এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর নির্বাহী পরিচালক এএইচ এম নোমান খান এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি হলেন দশম বাংলাদেশি যিনি এই মর্যাদপূর্ণ পুরস্কার পাচ্ছেন। সোমবার র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এর বোর্ড অব ট্রাস্টি ২০১০ সালের ম্যাগসেসে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে। সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) একটি উন্নয়ন সংস্থা, যা প্রতিবন্ধীদের কল্যাণে ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে। এএইচ এম নোমান খান ছাড়াও চীন, জাপান ও ফিলিপাইন থেকে এ বছর আরো ছয়জন র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাচ্ছেন। তারা হলেন- জাপানের তাদাতোশি আকিবা, ফিলিপাইনের ক্রিস্টোফার বারনিডো ও মা. ভিক্টোরিয়া কার্পিও-বারনিডো, চীনের হু দাইশান, পান ইউ এবং ফু কিপিং। পুরস্কার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ এইচ এম নোমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ পুরস্কার আমাদের জন্য এক বড় প্রশান্তি। দেশে এর আগে যারা এ পুরস্কার পেয়েছেন তারা অনেক সম্মানিত ব্যক্তি। প্রতিবন্ধীদের কল্যাণে যারা কাজ করছেন প্রথমবারের মতো তাদের এই পুরস্কার প্রাপ্তি অনেক গৌরব ও সম্মানের ব্যাপার। প্রতিবন্ধী সংশ্লিষ্ট ইস্যুগুলোকে আরো জোরালোভাবে তুলে ধরতে এ অর্জন ইতিবাচক ভূমিকা রাখবে।" তিনি আরো বলেন, "এ পুরস্কার শুধু আমার প্রাপ্তি নয়, প্রতিবন্ধী মানুষদের নিয়ে যারা কাজ করছেন তাদের সবার প্রাপ্তি।" সিডিডি সম্পর্কে নোমান খান জানান, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী মানুষকে সমাজের মূলস্রোতে সম্পৃক্ত করা। কারণ, তারা আলাদা কোনো মানুষ নয়, এ সমাজেরই অংশ। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তাদের প্রতিবন্ধিত্ব দূর করা সম্ভব। এজন্য মানসিকতার পরিবর্তনের পাশাপাশি আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে বলে তিনি মনে করেন। এর আগে বাংলাদেশ থেকে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪), রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (২০০৫), এঞ্জেলা গোমেজ (১৯৯৯), ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫) এই পুরস্কার পান। আগামী ৩১ আগস্ট ম্যানিলায় কালচারাল সেন্টার অব দ্য ফিলিপিন্স- এ আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হবে। ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে একটি সার্টিফিকেট, একটি পদক ও নগদ অর্থ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এইচএ/১৯৩১ ঘ.