নাটোর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর এক কর্মকর্তা সহকর্মীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে ঘটনার পর অভিযুক্ত ব্র্যাক-এর স্থানীয় শাখার কর্মসূচি সংগঠক শরিফুল ইসলাম (৩৩) গা ঢাকা দিয়েছেন।
রোববার এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় মামলা হয়েছে।
বাগাতিপাড়া থানা পুলিশ জানায়, ব্র্যাক কার্যালয়ে এক নারী কর্মীর শয়ন ঘরে আগে থেকে লুকিয়ে ছিলেন শরিফুল ইসলাম। রাত ২টার দিকে তিনি ওই সহকর্মীকে ঝাপটে ধরেন এবং ধর্ষণ করেন।
শনিবার ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হলে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।
বাগাতিপাড়া থানার ওসি মীর্জা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরিফুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৪ ঘ.
bdnews24