কক্সবাজার, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ির সীমানা নিয়ে দুই প্রতিবেশীর সংঘর্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয়জন।
উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পানেরছড়া পূর্ব আঁধারঘোনা গ্রামে শনিবার দুপুরে এই সংঘর্ষ হয়। রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আবদুস শুক্কুর ওরফে মনিয়া (৩২)।
আহতরা হলেন- মকবুল আহমদ (৬৮), আবু সালেহ (২২), জিয়াউর রহমান (২৮), আবুল কালাম (৬০), ইসমাইল (২৮) ও আবদুস সালাম (২৩)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রতিবেশীদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মকবুল আহমদ ও আবুল কালামের পরিবারের মধ্যে এই সংঘর্ষ হয়।
তিনি বলেন, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24