২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে ছিনতাই: অস্ত্রসহ গ্রেপ্তার ৩

র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৩ এর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

ঢাকা আগষ্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৩ এর সদস্যরা। শনিবার রাত আড়াইটার দিকে কাচপুর ব্রিজের কাছে মুক্তি স্মরণী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোতাহার হোসেন ওরফে মেজর মাসুদ (৩৮), মো. আলমগীর হোসেন সাজু (৪০) ও মোশারফ হোসেন (৩৭)। র‌্যাব-৩ এর পরিচালক মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী সাংবাদিকদের জানান, তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাপ, তিনটি কালো প্যান্ট, তিনটি কালো টি-শার্ট, তিনটি কালো ফিল্ড-ক্যাপ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "এই দলের নেতা নিজেকে মেজর মাসুদ বলে পরিচয় দেয়। এর আগে তার দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এ পর থেকে সে দলে নতুন সদস্য নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।" তিনি জানান, এরা দীর্ঘদিন ধরে র‌্যাব সেজে ছিনতাই করে আসছে। মতিঝিলের মানি এক্সচেঞ্জ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের উপর নজর রাখত তারা। কেউ বড় অঙ্কের টাকা তুললে কালো গেঞ্জি, সানগ্লাস, হাতকড়া নিয়ে র‌্যাব সেজে তাদের গ্রেপ্তারের নামে গাড়িতে তুলে ভয়ভীতি দেখিয়ে অর্থ কেড়ে নিত। এ ব্যাপারে থানা বা র‌্যাবের সঙ্গে যোগাযোগ করলে ক্রসফায়ারের হুমকি দিয়ে তাদের দূরে কোথাও নামিয়ে দিত। তিনি জানান, গ্রেপ্তারের আগে তারা সিলেটে কয়েকটি ডাকাতি করেছে। আরেকটি ডাকাতির জন্য রওনা দেওয়ার আগে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/জেবি/এইচএ/ ১৯৫৩ ঘ.