ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতসহ ২০টি নিবন্ধিত রাজনৈতিক দল গত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্তত ছয়টি দল হিসাব জমা দিতে ইসির কাছে ন্যূনতম এক মাস সময় চেয়েছে।
নিবন্ধিত ৩৮টির মধ্যে বাকি দলগুলো হিসাব জমা দেওয়ার ব্যাপারে ইসিকে এখনো কিছুই জানায়নি।
তবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
রোববার নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সহকারি সচিব দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিলেও সাংবাদিকদের তা জানাতে চায়নি বিএনপির প্রতিনিধিরা।
রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির অতিরিক্ত সচিবের কাছে দলের আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দেয়।
নজরুল জানান, নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই নির্ধারিত সময়ে দলের প্রতিবেদন ইসির কাছে জমা দেওয়া হয়েছে। তবে আয়-ব্যয় কত তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, "এই হিসাব জনসমক্ষে বলার বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত হয় নি।"
জামায়াতের প্রতিবেদন জমা দিয়ে দলের আইন সম্পাদক জসিমউদ্দিন সরকারও আয়-ব্যয় জানাতে অপারগতা প্রকাশ করেন।
এই নেতা বলেন, "আমি শুধু দলের বার্তাবাহক হিসেবে এখানে হিসাব জমা দিয়েছি। এ প্রতিবেদন আমানত। তাই আয়-ব্যয়ের হিসাব বলতে পারছি না।"
অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম হিসাব প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়াতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছেন।
দলের সাধারণ সম্পাদকের লেখা চিঠি নিয়ে ইসিতে আসেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
মৃণাল কান্তি বলেন, "আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খ করতে সময়ের প্রয়োজন। তাই ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে।"
রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতার বিধান রয়েছে।
তবে ৩১ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনটি সাপ্তাহিক ছুটি থাকলে পরদিন অফিস খোলার সময় পর্যন্ত তা জমা দেওয়ার বিধান রয়েছে।
রোববার পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশ।
প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চেয়েছে যে দলগুলো-বাংলাদেশ আওয়ামী লীগ (১ সেপ্টেম্বর পর্যন্ত), কৃষক শ্রমিক জনতা লীগ (৩০ সেপ্টেম্বর), গণতন্ত্রী পার্টি (আরো একমাস), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (৩১ আগস্ট), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি (আরো একমাস), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (৩০ সেপ্টেম্বর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নির্ধারিত তারিখ নেই) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (৩১ আগস্ট)।
সময় বাড়ানোর দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেন, "৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। বিদ্যমান আইনে সময় বাড়ানোর সুযোগ নেই। তবে স্বচ্ছতা আনতেই দলগুলোকে প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার সুযোগ দিতে হবে।"
শামসুল হুদা বলেন, "আমরা বৈঠক করে দেখব কী করা যায়। তবে সময় বাড়াতে আইনও সংশোধন করতে হবে।"
এদিকে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট না দিলে তো নিবন্ধন বাতিল করার বিধান আছে। কিন্তু ইসি তো বিরাজনীতিকরণ চায় না। দলের মধ্যে স্বচ্ছতা আনতে চায়। দলগুলোকেও সুযোগ দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০২৬ঘ.
bdnews24