২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর শিক্ষাবোর্ডের ২৩ কর্মচারীর নিয়োগ বাতিল

দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিয়োগ করা ২৩ কর্মচারীর নিয়োগ শিক্ষা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 05:21 PM

দিনাজপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিয়োগ করা ২৩ কর্মচারীর নিয়োগ শিক্ষা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে। রোববার বিকালে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে পাঠানো শিক্ষা মন্ত্রণালয় অধিশাখা-১০ এর উপপরিচালক শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বর্তমানে দৈনিক হাজিরার ভিত্তিতে জনবল নিয়োগ সরকারি বিধি সম্মত নয়। ভবিষ্যতে বোর্ডের প্রয়োজনে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করতে হলে আগেই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি বা ছাড়পত্র নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ জুলাই দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান তসলিমা আকতার বানু একক ক্ষমতা বলে দৈনিক হাজিরার ভিত্তিতে ২৩ জন কর্মচারী নিয়োগ দেন। এর প্রতিবাদে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত ১০৯ জন কর্মচারী বিক্ষোভ করে। ২-৩ বছর ধরে কর্মরত এই কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবি জানায়। তারা বোর্ড চেয়ারম্যানকে দিনভর অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে চেয়ারম্যান অবরোধমুক্ত হন। কিন্তু কর্মচারীরা নতুন নিয়োগ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষাবোর্ড কার্যালয়ে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। নিয়োগ বাতিলের পর দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির পলাশ ও সাধারণ সম্পাদক মাসুদ আলম সন্তোষ প্রকাশ করে জানান, আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এদিকে, রোববার দুপুর পৌনে ১টায় বোর্ড চেয়ারম্যান তার নিয়োগ করা কর্মচারী ও বহিরাগতদের নিয়ে কার্যালয়ে আসেন। কিন্তু কর্তব্যরত পুলিশ বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় চেয়ারম্যান অফিস না করেই চলে যান বলে জানা গেছে। এ ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.