২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের বাইরে যুদ্ধাপরাধের মামলা না নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে বিচ্ছিন্নভাবে য্দ্ধুাপরাধের মামলা না নেওয়ার নির্দেশ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 05:16 PM

ঠাকুরগাঁও, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে বিচ্ছিন্নভাবে য্দ্ধুাপরাধের মামলা না নেওয়ার নির্দেশ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। রমেশ চন্দ্র সেন বলেন, "যুদ্ধাপরাধের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। তাই যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে এ ধরনের মামলা নেওয়া যাবে না।" যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের মামলায় রায় দেওয়া হলে পরবর্তীতে আর মামলা দায়ের করা যাবে না। সভায় সদর থানার ওসি ফিরোজ খান জানান, এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার হরিপুর ও পীরগঞ্জ থানায় বিচ্ছিন্নভাবে এ ধরনের অপরাধের দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় রংপুরে র‌্যাবের আরো একটি ব্যাটালিয়ন স্থাপনসহ ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অফিস স্থাপনে সরকারি সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বাকিবিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ খান, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আখতার হোসেন রাজা, বিডিআরের সহ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম, র‌্যাব-৫ এর একজন প্রতিনিধি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৮১৫ ঘ.