ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের অধিকার রক্ষায় ভবিষ্যতে শিশুবান্ধব আইন তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, "ভবিষ্যতে শিশুবান্ধব আইন করার জন্য সরকার উদ্যোগ নেবে। কোনো শিশু যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের শিকার না হয়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।"
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'বাংলাদেশে শিশু বিচার ব্যবস্থা' শীর্ষক জাতীয় আলোচনায় এ কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানটি আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, শিশু সুরক্ষায় আমরা ও চিলড্রেন জাস্টিস নেটওয়ার্ক (সিজেএন)।
সেভ দ্য চিলড্রেন-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শামসুল আলমের সঞ্চালনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিচারপতি ঈমান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর (ইউকে) সুমন সেনগুপ্ত।
মূল প্রবন্ধে বিচারপতি ঈমান আলী বলেন, দেশে বহু সংখ্যক শিশু তাদের মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষাসহ অন্যান্য সামাজিক প্রেক্ষাপটের কারণে শিশুরা নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করলেও এদেশে শিশু অধিকার সংক্রান্ত আইনে তার প্রতিফলন নেই। পুরানো ও অপর্যাপ্ত আইন, নীতিমালা এবং মানসম্মত সেবার অভাবে শিশুরা আইনী অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিয়য়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমরা শিশুদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি, যাতে শিশুদের অধিকার সম্পর্কে তারা সচেতন হতে পরে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও এ বিষয়ে মানবাধিকার কমিশনকে সাহায্য করতে পারে।
এর পাশাপাশি কিশোর সংশোধন কেন্দ্র এবং ভবঘুরে আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করে সেখানে সুরক্ষা ও সেবার মানের ক্ষেত্রে জাতীয় মানদণ্ড বজায় রাখা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর (সুইডেন-ডেনমার্ক) বিরগিত লুন্ডবাক্।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/কেএমএস/১৪৫৭ ঘ.
bdnews24