২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলার ক্ষতি মোকাবেলায় উল্লেখযোগ্য সহায়তা মেলেনি: রাজ্জাক

ভয়াবহ ঘুর্ণিঝড় আইলায় দেশের প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা ও দাতাদের কাছ থেকে তেমন উল্লেখযোগ্য কোন সহায়তাই মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়াবহ ঘুর্ণিঝড় আইলায় দেশের প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা ও দাতাদের কাছ থেকে তেমন উল্লেখযোগ্য কোন সহায়তাই মেলেনি। নিজস্ব সম্পদ থেকে বাংলাদেশ এ দুর্যোগ মোকাবেলা করেছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক শনিবার মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস'র (বিইউপি) মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিইউপি'তে সদ্য চালু হওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তিনটি কোর্সের শিক্ষক ও সমন্বয়কারীদের জন্য এ বিশেষজ্ঞ কর্মশালার আয়োজন করা হয়। এ তিনটি কোর্স হচ্ছে- মাস্টার্স অব সায়েন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ব্যাচেলর অব সায়েন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, "বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। দেশের মানুষকে সব সময় নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই চলতে হয়। দুর্যোগ বন্ধ করা যাবে না। তাই সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত করছে। যাতে দেশের মানুষকে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত করা যায়। মন্ত্রী বলেন, ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ কোর্স চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কোর্স চালু করা হবে। আব্দুর রাজ্জাক বলেন, দুর্যোগ দরিদ্রদের সম্পদ এবং জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এতে খাদ্যশস্যসহ ফসল ক্ষতিগ্রস্ত হয়। এটা খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দেয়। এজন্য সরকার দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রাতিষ্ঠানিক ও পেশাগত শিক্ষার উদ্যোগ নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আইলা, সিডর ও বন্যার ক্ষতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিডর ও ২০০৭ সালের বন্যায় দেশের ১৯ হাজার কোটি টাকা এবং আইলায় সাত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আইলা মোকাবেলা এবং পুনর্বাসন কার্যক্রমে সরকার উল্লেখযোগ্য কোন বিদেশী সাহায্য পায়নি। নিজস্ব সম্পদ থেকেই সরকার এটি মোকাবেলা করেছে। তিনি বলেন, আইলা দুর্গত এলাকার ৪৭টি বাঁধের মধ্যে সরকার এখনো পাঁচটি বাঁধের মেরামত বা সংস্কার করতে পারেনি। ফলে এখনো অনেক মানুষ বাঁধের ওপর বাস করছে। আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে এসব বাঁধও মেরামত করা সম্ভব হবে। এতে ওইসব মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে আইলা দুর্গতদের গৃহনির্মাণে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলেও তিনি জানান। বিইউপি'র উপাচার্য মেজর জেনারেল শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, ইউএনডিপি'র সহকারী আবাসিক প্রতিনিধি আমিনুল ইসলাম এবং কমোডর জসিম উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৪১৯ ঘ.