চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।(সংশোধিত)
সংঘর্ষের সময় উভয়দলই প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় অন্তত ৫০টি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটায় সংঘর্ষকারীরা।
বোমায় জলিয়ারা বেগম (৩৭) নামের একজনের ডান পা উড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে পৌর এলাকার মর্দনা গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান ও স্থানীয়রা জানান, মর্দনা গ্রামের দুরুল হুদা সঙ্গে সেলিম নামের এক ব্যক্তি বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে কয়েকদিন আগে সেলিমকে মারধর করেন দুরুল। সেলিমও পাল্টা মারধর করেন দুরুলকে।
এর জের ধরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুরুল তার লোকজন নিয়ে সেলিমের বাড়িতে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
প্রায় এক ঘণ্টার সংঘর্ষে গ্রামের শফিকুল, দেলজাহান, ইউসুফ, সেলিম, দুরুল ও বাহারের বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ।
সংঘর্ষে আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলেছে, গ্রেপ্তার এড়াতে তারা গোপনে চিকিৎসা নিয়ে সরে পড়েছে।
এসআই ওয়াহেদুজ্জামান জানান, সংঘর্ষের খরব পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গ্রেপ্তার করা হয় ফজলুর রহমানের ছেলে সাইফুদ্দীনকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৬ ঘ.
bdnews24