যশোর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিরোধীদল বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার বিরুদ্ধে যশোরে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার যশোরের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন প্রজন্ম '৭১-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মশিয়ার রহমান।
বাদি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন জানান।
হাকিম আব্দুল্লাহ আল মামুন মামলাটি গ্রহণ করে আগামী ১৯ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।
আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, সাংসদ মওদুদ আহমদ ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন।
বাদি অভিযোগ করেন, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে আসামিরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন।
সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রফিকুল ইসলাম বলেছেন, আপনার বাবার যে পরিণতি হযেছে আপনারও পরিণতি একই হবে।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, আপনার বাবা আল্লাহর নির্দেশে উপরে চলে গেছেন। আপনি আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন। ওই সভায় তিনি সভাপতিত্ব করেন।
মওদুদ আহমদ ওই সমাবেশে উপস্থিত থেকে অপর আসামিদের উস্কানি দেন। আসামিদের বক্তব্য বাদি মশিয়ার রহমান নিজের কানে শুনেছেন বলে আর্জিতে উল্লেখ করেছেন।
এছাড়া পরেরদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় 'আপনার বাবার যে পরিণতি হয়েছে, আপনারও তাই হবে' শিরোনাম প্রকাশিত খবর পড়েছেন বলে বাদি উল্লেখ করেন।
তার অভিযোগ, একই সংবাদ আরো কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা পড়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী 'ভীত-সন্ত্রস্ত' হয়ে পড়েছে। আসামিরা যে কোনো সময় প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৪ ঘ.
bdnews24