২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ফাটিয়ে বাগান দখলের চেষ্টা, উদ্ধার ৩টি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বোমা ফাটিয়ে একটি আমবাগান দখলের চেষ্টা করে একদল গ্রামবাসী। তবে বোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 05:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বোমা ফাটিয়ে একটি আমবাগান দখলের চেষ্টা করে একদল গ্রামবাসী। তবে বোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতে তৈরি বোমা উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে উপজেলার আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে চলে আসা বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত তোজাম্মেল হকের ছেলে মাহবুব আলম লোক লোকজন নিয়ে আদমপুর গ্রামে একটি আম বাগান দখল করতে যায়। স্থানীয়দের বাধার মুখে তারা চারটি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমার বিস্ফোরিত হয়। এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআই জানান, প্রায় তিন মাস আগে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক মারা যান। মৃত্যুর কিছুদিন আগে স্থানীয় আম ব্যবসায়ী এমদাদুল হকের কাছে কয়েক বছরের জন্য তার বাগানের আম অগ্রিম বিক্রি করেন তিনি। তোজাম্মেল হকের মৃত্যুর পর তার ছেলে-মেয়েরা বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়। পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, স্থানীয় সালিশে এ বিষয়ে কোনো নিষ্পত্তি না হওয়ায় শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষের সালিশের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু সালিশের আগের দিনই এক পক্ষ বাগানে অপ্রীতিকর ঘটনা ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮২৪ ঘ.