২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সূর্য বলয়

দিনাজপুরের আকাশে বুধবার সকালে সূর্যকে ঘিরে সৃষ্টি হয় বিশাল আকৃতির লাল আভার বলয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

দিনাজপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের আকাশে বুধবার সকালে সূর্যকে ঘিরে সৃষ্টি হয় বিশাল আকৃতির লাল আভার বলয়। অসাধারণ সুন্দর এই বলয় স্থানীয় লোকজনের মাঝে কৌতুহল সৃষ্টি করে। উৎসুক মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আকাশে বিরল এই মনোমুগ্ধকর দৃশ্য অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুরবাসী চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সঙ্গে পরিচিত। তবে সূর্য বলয়ের দুর্লভ এই দৃশ্য এর আগে দিনাজপুরের আকাশে আর দেখা যায়নি। সকাল ১০ টার দিকে প্রথম দিনাজপুরের মানুষের নজরে আসে চোখ জুড়ানো এ দৃশ্য। নিমিষেই ছড়িয়ে পড়ে এ খবর। শহরের ঘর-বাড়ী থেকে নারী-পুরুষ ও শিশুরা বেড়িয়ে এসে দীর্ঘক্ষণ দুর্লভ এই দৃশ্য কৌতুহলের সাথে এবং মুগ্ধ চোখে অবলোকন করে। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে। এরপর ধীরে ধীরে তা মিলিয়ে যায়। দিনাজপুর শহরের এনায়েতপুরের বাসিন্দা মর্তুজা হাসান স্বর্ন (২৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন সুন্দর দৃশ্য এর আগে দিনাজপুরের আকাশে আর দেখিনি। এটা আমাকে মুগ্ধ করেছে।" শহরের কালীতলার পান দোকানি লিয়াকত আলী (৬২) বলেন, "বড়ই সুন্দর! জীবনে চন্দ্রগ্রাস ও সূর্যগ্রাস দেখেছি কিন্তু এরকম আর দেখিনি। আমার জানা মতে দিনাজপুরের আকাশে এ ধরনের দৃশ্য এর আগে আর কখনও দেখা যায়নি।" নাসার ওয়েবসাইট পর্যবেক্ষন করে জানা যায়, সূর্য এবং চন্দ্র যখন ০.৫ ডিগ্রিতে অবস্থান নেয়, তখন সূর্যকে ঘিরে এই বলয় সৃষ্টি হয়। সূর্যের চেয়ে এই বলয় ৪৪ গুন বড়। নাসার ভাষায় এটি হচ্ছে- '২২এ ডিগ্রি হলো' (22Ao Halo)। এ ব্যাপারে বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির সাধারন সম্পাদক জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাসার এই তথ্যটিই ঠিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কেএমএস/১৫৫২ ঘ.