২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নজরদারি শুরু হয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর নজরদারি শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর নজরদারি শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে '১১তম টেক্সটেক বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক এক্সপো' শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠন কনফারেন্স এণ্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (সেমস) ইউএসএ চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে ৩১ জুলাই পর্যন্ত। সবার জন্য উম্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রতিবছর রমজান মাস শুরুও সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বাড়ে- এমন মন্তব্য করে ফারুক খান বলেন, "এটা দুঃখজনক। এতে সাধারণ মানুষের কষ্ট হয়। এবছর যাতে দ্রব্যমূল্যের দাম না বাড়ে সেজন্য সরকার কঠোর নজরদারি শুরু করেছে।" রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "এজন্য পাঁচ ছয় মাস আগে থেকে কাজ শুরু করেছি। বিদেশ থেকে পন্য আদমানীতে কোন সমস্যা যাতে না হয় সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।" সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, "ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮০০ ডিলার দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় বিভিন্ন পন্য পৌঁছে দেবে।" এছাড়া ব্যবসায়ীদের সংগঠনগুলো ইতোমধ্যে বাজার তদারকি শুরু করার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করছে। এ উদ্যোগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। চিনির মুল্য স্থিতিশীল রাখা প্রসঙ্গে তিনি বলেন, "মঙ্গলবার ঘোষণা করেছি মিলগেটে ৪৩ টাকা দরে চিনি বিক্রি করা হবে। তাই খুচরা বাজারে চিনির দাম ৪৬ টাকার উপরে যাওয়া উচিত নয়।" দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে সে জন্য ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "কঠোর নজরদারি করা হচ্ছে। এরপরও যদি কোন ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" এজন্য আমদানীকারক, উৎপাদক, পাইকারি-খুচরা ব্যবসায়ী, জনগণসহ সংশ্লিষ্ট সবার প্রতি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান ফারুক খান। প্রদর্শনী উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, "টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের উন্নয়নে এ ধরণের প্রদর্শনী থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা লাভের সুযোগ পাবে।" প্রদর্শনী সম্পর্কে সেমস এর সভাপতি মেহেরুন এন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে ধারণা ও পরিচয় করিয়ে দিতে এ আয়োজন।" এবার একই সঙ্গে চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "শিল্পখাত বাংলাদেশের রপ্তানী খাতের মূল চালিকা শক্তি। এখাতের সম্ভবনার কথা বিবেচনা করে গত ১১ বছর ধরে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।" '১১তম টেক্সটেক বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক এক্সপো' প্রদর্শনী ছাড়া অন্য প্রদর্শনীগুলো হলো- 'পঞ্চম ডাই এবং কেমিক্যাল বাংলাদেশ এক্সপো', 'চতুর্থ ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এবং ফেব্রিক শো', এবং 'অষ্টম মেশিন এক্সপো বাংলাদেশ'। এ প্রদর্শনীগুলোতে বিশ্বের ২৬টি দেশের চার শতাধিক প্রতিষ্ঠান মোট ৭৫০টি স্টলে টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প খাতের প্রযুক্তি বিষয়ক সুভ্যিনির, মেশিনারী যন্ত্রাংশ, ডাইস ও কেমিক্যাল, ইয়ার্ন এবং ফেব্রিক পণ্য প্রদর্শন করছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ প্রথম সহ-সভাপতি হাবিবুর রহমান এবং বিজিএফএফএমইএ এর সভাপতি হারুন-উর-রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৪৫২ ঘ.