ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে দুটি কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শিল্প বর্জ্যে নদী দূষণ প্রতিরোধে সোমবার পরিবেশ অধিদপ্তর জেলার ফতুল্লার কায়েমপুর ও কুতুব আইল এলাকার অভিযান চালায়।
অভিযানের সময় ইটিপি না থাকায় রহমান হোসিয়ারি ডায়িং অ্যান্ড ফিনিশিং মিল্স (প্রা.) লিমিটেড ও ফকির নিটওয়্যার লিমিটেড নামের দুটি কারখানাকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা থেকে বের হওয়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত, দুর্গন্ধযুক্ত ও অপরিশোধিত দুষিত তরল বর্জ্য নালার মাধ্যমে স্থানীয় ওয়াপদা খাল হয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ছে।
এ অভিযানে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ক্ষতিপূরণ বাবদ কারখানা দুটিতে জরিমানা করা হয়েছে বলেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, কারখানাকে দুটিকে অনতিবিলম্ব ইটিপি স্থাপন করে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় মামলা দায়েরসহ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
কারখানার মালিকরা সর্বোচ্চ আগামী ৩ মাসের মধ্যে ইটিপি স্থাপন করে পরিবেশ আইন মেনে চলার অঙ্গীকার করেন বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24