ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুরান ঢাকায় কাভার্ডভ্যান চলাচলের অনুমতি দেওয়াসহ ৬ দফা দাবিতে ৩১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সী মালিক ঐক্য পরিষদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সচিব মো. আবদুল মন্নান এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আরমানিটোলা বটতলায় ২৯ জুলাই প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়।
পরিষদ ঘোষিত ৬ দফা হচ্ছে- পুরান ঢাকায় রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাভার্ডভ্যান প্রবেশের সুযোগ করে দেওয়া এবং সাপ্তাহিক ও সরকারি ছুটিতে সময়ের বিধিটি শিথিল করা, পুরান ঢাকায় স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, নিরাপত্তার নামে হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করা, পণ্য পরিবহন নীতিমালা প্রণয়ন, খাস জমিতে পণ্য পরিবহন এজেন্সী জোন করা, এজেন্সীর গাড়ি বেড়িবাঁধ দিয়ে বের হওয়ার সুযোগ প্রদান।
সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সচিব বলেন, পণ্যবাহী ট্রাক বা কাভার্ডভ্যান ঢাকায় প্রবেশ করে পণ্য নামাতে বা উঠাতেই সময় শেষ হয়ে যায়। তাই বর্তমান সময়সীমা চলতে থাকলে এ খাত ধ্বংস হয়ে যাবে।
পরিষদের আহবায়ক হাজী আমান উল্ল্যাহসহ বিভিন্ন পরিবহন এজেন্সীর মালিকরা উপস্থিত ছিলেন।
২৪ জুন যোগাযোগ মন্ত্রণালয়ের এক সভায় ঢাকায় কাভার্ডভ্যান প্রবেশে রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। এর আগে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকার রাস্তা উপরোক্ত যানবাহনের জন্য উন্মুক্ত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১১ ঘ.
bdnews24