বাগেরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
সোমবার বাগেরহাট-খুলনা সড়কে বাগেরহাট সদর উপজেলার খানজাহানীয়া গণ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকুল বালা মণ্ডলের (৬৫) বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাতি গ্রামে।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে বাগেরহাট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে খুলনা থেকে বরিশালগামী আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন- বাগেরহাটগামী বাসের চালক আবু জাফর (৪৫), তার সহকারী হিরো শেখ (২৪), খুলনার রূপসার বিপুল (২৮), বাগেরহাটের চিতলমারীর মাসুম তালুকদার (২১), শরণখোলার মো. জাকারিয়া (২৫), মিরন কর্মকার (৩০), মোস্তফা শেখ (৩৭), কচুয়ার বিউটি বেগম (৩৫), খালেদা বেগম (২৮), রোজিনা (৩২), মোরেলগঞ্জের সমীর কান্তি মণ্ডল (৪৫), রিনা বেগম (২১), পিরোজপুর জেলা সদরের মো. ফারুক (৩৮), ভাণ্ডারিয়ার জিহাদুল ইসলাম (১৬), মঠবাড়িয়ার মো. ইলিয়াস (২৪), নাজিরপুরের ডালিম শেখ (৩৫), তার ছেলে মজনু (৫), সাতক্ষীরার তালার আনোয়ারুল ইসলামসহ (২৮)।
বাকিদের নাম জানা যায়নি। বাস দুটি আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24