২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধন করে অবৈধ ক্ষমতা দখল বন্ধ করা যাবে না'

সংবিধান সংশোধন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 04:56 PM

ঢাকা, জুলাই ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-সংবিধান সংশোধন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। একই সঙ্গে সংবিধান সংশোধনের দায়ভার তার দল নেবে না বলেও জানান তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধনের বিষয়ে কথা বলতে ধানমন্ডির নিজ বাসায় সংবাদ সম্মেলন ডাকেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়ে বলেছিলেন, "সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করতে হবে।" প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "আইন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করা যায় না। চোর যখন চুরি করতে আসে, তখন বাড়ির কলিং বেল টিপে আসে না।" তিনি বলেন, "এ বিষয়ে প্রধানমন্ত্রী সঠিক পথে অগ্রসর হবেন- এ বিশ্বাস তার ওপর আমার আছে। সংখ্যাগরিষ্ট দল হিসেবে তারা (আওয়ামী লীগ) সংবিধান সংশোধন করতে পারে। কিন্ত এরকম সংশোধনীর দায়ভার বিএনপি নেবে না। '' অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করতে দেশে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, "এমন কোনো সংশোধনী সরকারের আনা উচিত হবে না, যাতে অতীতের ভুলের পুনরাবৃত্তি ঘটে।" সংবিধান সংশোধনে সরকারি দলের ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠনের কোন বিরোধিতা না করে বিএনপি দলীয় জ্যেষ্ঠ সাংসদ বলেন, "এ বিশেষ কমিটি ভালো হয়েছে। তোফায়েল আহমেদের মতো অভিজ্ঞরা রয়েছেন। জনগণের স্বার্থে হলে আমরাও হামাগুড়ি দিয়ে একে সমর্থন দিতাম। " অষ্টম সংশোধনী হাইকোর্টে বাতিল হওয়ার পর সংবিধান সংশোধন করতে হয়নি উল্লেখ করে সাংসদ সালাহউদ্দিন কাদের বলেন, "পঞ্চম সংশোধনীর ক্ষেত্রে উচ্চ আদালতের রায় কার্যকরে সংবিধান সংশোধনীর কোনো প্রয়োজন নেই। বিজি প্রেসের মাধ্যমে একটি সংকলন প্রকাশ করলেই হয়। অষ্টম সংশোধনীর ক্ষেত্রেও তা-ই হয়েছিলো।" বিএনপির চার নেতা ওয়ান এলিভেনের জন্য দায়ী-ব্যারিস্টার রফিকুল হকের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "আমরা যখন ক্ষমতায় ছিলাম, উনার (রফিকুল হক) কথার বাইরে কোনো আইন হয়নি। প্রধান বিচারপতি, জজ কে হবেন- তার পরামর্শে হয়েছে। তার পরামর্শে তত্ত্াবধায়ক সরকারের উপদেষ্টা পর্যন্ত হয়েছে। উনি মরুব্বী মানুষ, আমার শ্রদ্ধেয় একজন মানুষ। এখন অভিযোগ দিচ্ছেন। উনি যে পরামর্শ দিয়েছেন, সে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করেছি। এখন উনাকেই জিজ্ঞাসা করুন- কি পরামর্শ তিনি দিয়েছেন।" গত শনিবার যুগান্তর পত্রিকার কার্যালয়ে '১৯৭২ সালের সংবিধানে প্রত্যাবর্তন' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিকুল হক ১/১১ সৃষ্টির জন্য বিএনপি নেতা মওদুদ আহমেদ, নাজমুল হুদা, আমিনুল হক ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দায়ী করেন। ওই গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার রফিক অভিযোগ করেন, "ওয়ান ইলেভেনের জন্য বিএনপির এই ৪ নেতা সবচেয়ে বেশি দায়ী। অথচ ওই ৪ নেতা সেসময়ে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। এই ইতিহাসকে সবার উপলব্ধি করতে হবে। ওয়ান ইলেভেনের পরামর্শদাতা হলেন ড. কামাল হোসেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৮৩১ ঘ.