২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তিন পুলিশ হত্যা: আরো একজন আটক

পাবনায় গুলি করে পুলিশের তিন সদস্যকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 04:56 PM

পাবনা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় গুলি করে পুলিশের তিন সদস্যকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ নিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মহিষের গাড়ি চালক মঞ্জুকে আটক করে পুলিশ। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার গাড়িতে করেই চররাজধরদিয়া থেকে ঢালারচর পুলিশ ফাঁিড়র কয়েকজন সদস্য জ্বালানির জন্য লাকড়ি আনতে গিয়েছিলেন। গত মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের চররাজধরদিয়া গ্রামে গুলি করে ঢালারচর পুলিশ ফাঁিড়র উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিক আহমদকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তাদের সঙ্গে থাকলেও মঞ্জু ও পুলিশের সোর্স আব্দুল গণিকে তারা হত্যা করেনি। এদিকে এই হত্যা ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বেড়ার থানার ওসি জিল্লুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজাদ সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদের প্রথমদিন এই তিনজন বলেছেন- দলীয় শক্তির প্রমাণ দিতে এবং চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রোববার পাবনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম সায়েদুর রহমান খান এই মামলায় নাদের আলী প্রামানিক, ওয়াজেদ আলী ও আব্দুর রহিমকে চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পুলিশের দুই কর্মকর্তা আরো জানান, মাসুমদিয়া ও ঢালারচরের পাঁচজন এবং রাজবাড়ী জেলার সদর উপজেলার ছয় চরমপন্থী এই হত্যাকাণ্ডে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।] হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বৃহস্পতিবার সুজানগর উপজেলার হাসানপুর গ্রামের নাদের প্রামাণিক ও বেড়া উপজেলার চররাজধরদিয়ার ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার গ্রেপ্তার করা হয় রাজবাড়ী সদর উপজেলার তাজু শেখ ও তার শ্বশুর ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুর রহিমকে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম মোশারোফ হোসেন মিয়াজী বলেন, তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হবে। এর আগে পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, পুলিশ হত্যা মামলায় এ পর্যন্ত অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে কেবল তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২১ ঘ.