সুনামগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক শহরের বাসস্ট্যান্ড এলাকায় সোমবার মাদ্রাসা ছাত্র ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে বাসষ্টেশন এলাকায় জালালীয়া মাদ্রাসার ছাত্রদের সঙ্গে এক মাইক্রোবাস চালকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে বাস স্টেশনের পরিবহন শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্রসহ ১০ আহত হয়।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদের মধ্যে গুরুতর আহত এক মাদ্রাসা ছাত্রকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজিত ছাত্ররা সড়কের ২০টি যানবাহন ভাংচুর করে।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বাসষ্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই শফিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৮১৮ ঘ.
bdnews24