২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি উন্নয়ন কর আদায়ে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

ভূমি উন্নয়ন কর আদায়ে দক্ষ কর্মকর্তাদের উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি উন্নয়ন কর আদায়ে দক্ষ কর্মকর্তাদের উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে সরকারি জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারে আইনেরও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে রোববার ডিসি সম্মেলনের চতুর্থ অধিবেশনে যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অধিবেশনে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং ভূমি সচিব আতাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রেজাউল করিম হীরা জানান, জেলা প্রশাসকদের ২০২১ রূপকল্প বাস্তবায়নে ভূমি ও বন মন্ত্রণালয় সম্পর্কিত কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসকরা ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ভূমি কর্মকর্তাদের প্রণোদনা দেওয়াসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। তারা বেহাত হওয়া সরকারি ভূমি উদ্ধারে বিদ্যমান আইন সংস্কারেরও প্রস্তাব করেন তারা। এ ব্যাপারে ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, বর্তমান আইন অনুযায়ী বেহাত হওয়া সম্পত্তি উদ্ধার করা সম্ভব। এটা শুধু সরকারি জমির ক্ষেত্রেই নয়, বেসরকারি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির জন্যও কার্যকর। তারপরও প্রয়োজনে আইনের সংস্কার করা হবে। সাব রেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিস এবং ভূমি অফিস একই মন্ত্রণালয়ের অধীনে আনার ব্যাপারে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, শিগগিরই সিদ্ধান্ত হবে। ভূমি উন্নয়ন কর আদায়ে দক্ষ কর্মকর্তাদের প্রণোদনা দেওয়া সংক্রান্ত ডিসিদের প্রস্তাবনা সম্পর্কে ভূমি মন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর বেশি আদায়ের জন্য কর্মকর্তাদের দক্ষ হিসেবে ঘোষণা করা হবে। প্রয়োজনীয় প্রণোদনাও দেওয়া হবে তাদের। মাঠ পর্যায়ে ভূমি মালিকদের সম্পত্তির বিবরণী প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাছে এর হিসাব রয়েছে। প্রতিটি ভূমি অফিসেই সংশ্লিষ্ট এলাকার ভূমি মালিকদের সম্পত্তির বিবরণী রয়েছে। কিন্তু কোথাও না থাকলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার অদক্ষতা। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অর্পিত সম্পত্তি আইন এবং অর্পিত সম্পত্তির তালিকার বিষয়ে মন্ত্রী জানান, আইন ও সম্পত্তির তালিকা চূড়ান্ত করে সংসদে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকদের ভূমি সংক্রান্ত আইন ও বিধিগুলো মেনে চলার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৫০ ঘ.