সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আশুলিয়ায় নাসা গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানা আরও একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি কারখানার ১২ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার তিনটি কারখানাই খোলা থাকবে বলে জানানো হয়েছে।
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি ভবনে অবস্থিত নাসা বেসিক, নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের কারখানা তিনটি এর আগে শনিবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এছাড়া পাশে অবস্থিত নাসা এজি সুপার গামের্ন্টস লিমিটেডের কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিলো। শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে এই কারখানার ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত শ্রমিকরা হচ্ছেন- কারখানাটির অপারেটর জুয়েল, মনোয়ার হোসেন, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, মোস্তফা, হাবিবুর রহমান, হাসান আলী, আনোয়ার হোসেন, হামিদুল, রমিজ উদ্দিন, শরিফুল ইসলাম ও আয়রনম্যান সুজন মিয়া।
পুলিশ জানায়, নাসা বেসিক লিমিটেড কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, রাজু, শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা ইমরান, ব্যবস্থাপক (কোয়ালিটি) আপন ও কোয়ালিটি ইনচার্জ আরিফকে অপসারণ ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের পূর্বের মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার শ্রমিক আন্দোলন শুরু হয়।
তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের শ্রমিকরাও কর্মবিরতি পালন করে। বৃহস্পতিবার সকালে নাসা বেসিকে ভাংচুর ও কর্মকর্তাদের মারধর করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্রমিক-পুলিশ-কারখানা কর্মকর্তাদের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়।
এরপর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর নাসা বেসিক লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আসাদুজ্জামান বাদী হয়ে কর্মকর্তাদের মারধর ও কারখানায় ভাংচুরের অভিযোগে ৬২০ শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন। এছাড়া কারখানায় শ্রমিক অসন্তোষের অভিযোগে ১০৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়।
শুক্রবার সাপ্তাহিত ছুটির পর শনিবার সকালে ওই কারখানাসহ নাসা গ্লোবাল লিমিটেড ও নাসা হাইটেক লিমিটেড কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা কর হয়। এ ঘটনার প্রতিবাদে পাশের নাসা এজি সুপার গামের্ন্টস লিমিটেডের শ্রমিকরা কাজ না করায় ওই কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে বন্ধ তিনটি কারখানাই রোববার খুলে দেওয়ার কথা জানানো হয়।
কারখানা তিনটির শ্রমিকরা রোববার সকাল ৮টার দিকে কাজে যোগদান করতে এসে মূল ফটকের সামনে আবারও বন্ধের নোটিশ ঝোলানো দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে। তবে এক পর্যায়ে পুলিশ দেখে শ্রমিকরা গ্রেপ্তার হওয়ার ভয়ে চলে যায়।
নাসা গ্র"পের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন জানান, নাসা এজি সুপার গামের্ন্টস লিমিটেডে প্রায় ১৫শ' শ্রমিক রয়েছে। শনিবার সব শ্রমিক কাজে যোগদানও করে।
তিনি বলেন, "সকাল ৯টার দিকে তিনটি কারখানা বন্ধের খবর পেয়ে কয়েকজন শ্রমিক কাজ করবে না বলে জানায়। এ সময় তারা অন্য শ্রমিকদের কাজ না করার জন্য উস্কানি দেয়। তখন বিশৃঙ্খলার আশঙ্কায় ছুটি দেওয়া হয়।"
মহিউদ্দিন জানান, শ্রমিকদের উস্কিয়ে দেওয়ার অভিযোগে এজি সুপার গার্মেন্টস লিমিটেডের ১২ জনকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩ (৪) ধারা মতে শনিবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার এই কারখানা খোলা আছে। তবে গ্র"পের অপর তিনটি কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার খুলে দেওয়া হবে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম নাসা গ্র"পের ওই তিন কারখানা বন্ধ থাকার খবরের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, ওই সাত কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। তারা কখনো কখনো শ্রমিকদের নির্যাতনও করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৪ ঘ.
bdnews24