২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেয়র মনজুরের বিরুদ্ধে মামলা ছেলেমানুষি'

চট্টগ্রামের মেয়র মনজুর আলমের বিরুদ্ধে মামলা করে মহিউদ্দিন চৌধুরী কিছুটা ছেলেমানুষির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র মনজুর আলমের বিরুদ্ধে মামলা করে মহিউদ্দিন চৌধুরী কিছুটা ছেলেমানুষির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "নির্বাচনে হারজিত মেনে নেওয়ার মানসিকতা সবার থাকা উচিত। আমি গত সংসদ নির্বাচনে হেরেছি, কিন্তু জনগণের রায়কে মাথা পেতে নিয়েছি।" গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন সাবেক মন্ত্রী আমীর খসরু। মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মামলায় আনা অভিযোগ টিকবে না বলে মনে করেন তিনি। বিএনপি নেতা বলেন, জনগণ বহু প্রত্যাশা নিয়ে পরিবর্তনের আশায় মনজুর আলমকে নির্বাচিত করেছেন। তিনি সে আশা পূরণ করতে পারবেন বলে তিনি মনে করি। তত্ত্বাবধায়ক সরকার আমলে সফলতার সঙ্গে দুই বছর মেয়রের দায়িত্ব পালন করার কথাও স্মরণ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সমর্থিত হিসেবে নির্বাচিত হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনায় মনজুর আলমের কর্মকাণ্ডে দল থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। দলীয় লোকজন বর্তমান মেয়রের কাছ থেকে সুযোগ-সুবিধা চাইলেও নিয়মের বাইরে কিছুই করবেন না বলে আমীর খসরু আশা প্রকাশ করেন। এ সময় মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/১৯৩৫ ঘ.