২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার নিয়ে সহযোগিতার আহবান

যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারকে সহযোগিতা করতে আলেম ও কাজীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 09:51 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারকে সহযোগিতা করতে আলেম ও কাজীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার রাজধানীর বিএমএ মিলানয়তনে 'বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় আইনমন্ত্রী এ আহবান জানান। যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে দাবি করে শফিক বলেন, "একাত্তরে যুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমরা তাদেরই বিচারের উদ্যোগ নিয়েছি। অপরাধ করে অপরাধী সাজা পাবে না, বুক উচিয়ে সমাজে ঘুরে বেড়াবে, এটা হতে পারে না।" তিনি বলেন, "অপরাধীরা যদি কোনো রাজনৈতিক দলে আশ্রয় নেয়, ওইসব অপরাধীর বিচার করা মানে সেই রাজনৈতিক দলের বিচার নয়। এই বিষয়টি আপনারা সাধারণ মানুষকে বোঝাবেন।" তবে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলেও বক্তারা ওই বিষয়ে কথা বলেননি। সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "যারা সংবিধান পরিবর্তন করেছিল, তারা ঠিক কাজ করেননি। উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সংবিধান পরির্বতনের উদ্যোগ নিয়েছে।" সভায় কাজীরা বিবাহ নিবন্ধন ফি প্রতি হাজারে ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা করার দাবি জানান। এ প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, ১৫ টাকা করলে গ্রামের মানুষের জন্য জুলুম হতে পারে। কেননা শহরের মানুষের জীবন-যাত্রার মান আর গ্রামের মানুষের জীবন-যাত্রার মান এক নয়। তাই এ বিষয়টি মাথায় রেখে ফি বাড়ানোর প্রস্তাব করতে হবে।" তালাকের জন্য কাজীদের ফি বাড়ানোর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, "এই ফি কয়েক গুণ বাড়ানো দরকার। এতে তালাকের মত অমানবিক বিষয়টি হ্্রাস পাবে।" আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "দেশে প্রায় ৩ লাখ মসজিদ রয়েছে। সেখানে আপনারা (আলেম ও কাজী) একাত্তরের ঘাতকদের বিচারের বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সাধারণ মানুষকে উদ্বুব্ধ করবেন।" তিনি আরো বলেন, "মুক্তিযুদ্ধের সময় বড় বড় অনেক আলেম পাকিস্তানের বিরোধীতা করে স্বাধীনতার পক্ষে ছিলেন। এবারও আপনারা একাত্তরের ঘাতকদের বিচারে সরকারকে সমর্থন করে সারা দেশে জনমত গড়ে তুলবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৫৪৯ ঘ.