পাবনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় একজন কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য খুন হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃরা হলেন- সুজানগর উপজেলার হাসানপুর গ্রামের নাদের প্রামাণিক (৫০) এবং বেড়া উপজেলার রাজধরদিয়া চরের ওয়াজেদ আলী (৪০)।
পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাদের ও ওয়াজেদকে গ্রেপ্তার করা হয়।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেড়ার মাসুমদিয়া ইউনিয়নের রাজধরদিয়া চরে চরমপন্থীদের গুলিতে ঢালারচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কফিলুদ্দিন, নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিক আহমেদ নিহত হন।
পরদিন সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক (ডিজি) খন্দকার হাসান মাহমুদ, বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান, পাবনার ডিসি এ এফ এম মনজুর কাদির ও পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এনকাউন্টার বন্ধ হওয়ার কারণে আজ পুলিশকে অসহায়ভাবে জীবন দিতে হচ্ছে।"
তিনি জানান, শিগগির চরমপন্থী সন্ত্রাসীদের দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
ডিআইজি মোখলেসুর জানান, চরমপন্থীরা মুখোশ ও লুঙ্গি পরা ছিলো। হত্যাকাণ্ডের পর তারা নৌকায় করে ওই স্থান ত্যাগ করে। যাওয়ার সময় তারা সর্বহারা পার্টির নামে স্লোগান দেয়।
হত্যাকাণ্ডের পর থেকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশারোফ হোসেন মিয়াজীর নেতৃত্বে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৩ ঘ.
bdnews24