ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখতে 'ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল-২০১০' জাতীয় সংসদে পাশ হয়েছে।
সংসদের মঙ্গলবারের অধিবেশনে এই বিলটি উত্থাপন করেন সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।
ইপিজেড এলাকায় প্রতিষ্ঠিত শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ২০০৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত শ্রমিক সংঘ করার লক্ষ্যে 'ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক আইন-২০০৪' করা হয়। পরে, ২০১০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত শ্রমিক সংঘের মেয়াদ বৃদ্ধির জন্য 'ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক (সংশোধন) অধ্যাদেশ-২০০৭' জারি করা হয়।
এছাড়া, ইপিজেড শ্রমিক সংঘের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ, আইনের ধারাবাহিকতা রক্ষা, ইপিজেডগুলোর শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ইপিজেড শ্রম ট্রাইবুনাল ও আপিল ট্রাইবুনাল স্থাপনসহ কয়েকটি বিষয়ে 'ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক (সংশোধন) অধ্যাদেশ-২০০৮' জারি করা হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশ দু'টি পাস না হওয়ায় কার্যকারিতা লোপ পায়।
'ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক (সংশোধন) অধ্যাদেশ-২০০৭' এবং 'ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক (সংশোধন) অধ্যাদেশ-২০০৮'- এই দু'টি অধ্যাদেশের বিষয়বস্তুসহ 'ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল-২০১০' প্রণয়ন করা হয়েছে।
এই বিলের ওপর দেওয়া জনতম যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং বিভিন্ন সংশোধনী প্রশ্ন কণ্ঠ ভোটে নাচক হয়ে যায়। পরে, কণ্ঠ ভোটে 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল-২০১০' পাস হয়।
এই বিলটি আইনে পরিণত হলে, ২০০৬ সালের পহেলা নভেম্বরের পর শুরু হওয়া শিল্প ইউনিটের শ্রমিকরা সমিতি গঠন করতে পারবে। তবে, কল্যাণ সমিতি গঠনের জন্য শিল্প ইউনিটে কর্মরত শ্রমিকদের গণভোটে অংশ নিতে হবে। যোগ্য শ্রমিকদের ৫০ শতাংশের বেশি ভোট প্রদান না করলে গণভোট অকার্যকর হবে।
এই আইনে আরো বলা হয়েছে, "কোন এলাকায় গঠিত কোন শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন, প্রকাশ্যে বা গোপনে, কোন রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা বেসরকারি সংস্থার সঙ্গে কোনরূপ সম্পর্ক স্থাপন বা রক্ষা করতে পারবে না।"
এছাড়াও, 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল-২০১০' এবং 'বাংলাদেশ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক (সংশোধন) বিল ২০১০' পাস হয়েছে।
এই দু'টি বিল জাতীয় সংসদে উত্থপান করেন মতিয়া চৌধুরী।
দেশে শিল্পায়ন, বাণিজ্যিক কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিসহ দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন-২০১০' প্রণয়ন করা হয়েছে।
বিলটি উত্থাপনের সময় মতিয়া চৌধুরী বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণে ঊৎসাহ প্রদানের জন্য পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সব এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং উন্নয়নের জন্য এই বিল।
অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত প্রতিষ্ঠানগুলো বিশেষ শুল্ক সুবিধা পাবে এবং আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিশেষ ব্যবস্থা প্রবর্তন করতে পারবে।
এই অঞ্চলে শিল্পনীতিতে সংরক্ষিত শিল্প হিসাবে চিহ্নিত খাতগুলো ছাড়াও কৃষি খামার, সেবাধর্মী প্রতিষ্ঠানসহ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করা যাবে।
এই বিলের ওপর দেয়া জনতম যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং বিভিন্ন সংশোধনী প্রশ্ন কন্ঠ ভোটে নাচক হয়ে যায়। পরে, কন্ঠ ভোটে 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল-২০১০' পাস হয়।
'বাংলাদেশ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক (সংশোধন) বিল ২০১০' এ জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং জাতীয় প্রতীক অবমাননাকারীর শাস্তি এক বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
দু'টি বিল উত্থাপন
এর আগে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 'ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল-২০১০' এবং 'আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১০' জাতীয় সংসদে উত্থাপন করেন।
এই বিল দু'টি দু'সপ্তাহের মধ্যে যাচাই-বাছাইয়ের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24