মাদারীপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করে সাত লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন আরেকজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কামালদি সেতুর কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যবসায়ী রাধেশ্যাম কর্মকার (৪৫) ও তার সঙ্গী অধীর সাহা (৩৫) ছিনতাইকারীদের কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলেই রাধেশ্যাম মারা যান। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের টিন ব্যবসায়ী এবং টেকেরহাট আবাসিক এলাকার রামচন্দ্র কর্মকারের ছেলে।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান, রাধেশ্যাম ও অধীর মটরসাইকেলে করে মাদারীপুরের কালকিনি উপজেলার ব্যবসায়ী মোকাম থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন।
ওসি জানান, কামালদি সেতুর কাছে পৌঁছানোর পর একটি প্রাইভেটকার নিয়ে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের লোহার রড দিয়ে আঘাত করে মটরসাইকেল থেকে ফেলে দেয়।
পরে তারা রাধেশ্যামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গী অধীর সাহাকেও তারা ছুরি মেরে তাদের সঙ্গে থাকা সাত লাখ টাকা নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24