সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের এমসি কলেজের ছাত্রলীগকর্মী গণিত বিভাগের ছাত্র উদয়েন্দু সিংহ পলাশ হত্যাকাণ্ডের দুদিন পর একটি মামলা হয়েছে।
বুধবার রাতে তার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ধীরেশ সিংহ বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে।
পলাশ হত্যাকাণ্ডের ঘটনায় এমসি কলেজ ও সরকারি কলেজ শাখার ১২ নেতাকর্মীকে কেন্দ্রের নির্দেশে বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার দুপুরে নগরীর শাপলাবাগ এলাকায় ছাত্রলীগের প্রতিপক্ষ গ্র"পের কর্মীদের হামলায় গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পলাশ মারা যান।
কোতয়ালি থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত সাংবাদিকদের জানান, মামলায় (নম্বর-৪২) এমসি কলেজ ছাত্রলীগের ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- ফজলুর রহমান জসিম, দেলোয়ার হোসেন, শিপন খান, মুস্তাফিজ রউফ, গিয়াস উদ্দিন, সঞ্জয় কুমার চৌধুরী, শহিদুল হক, রাসেল আহমদ।
সিলেট মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ নেতাকর্মীকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রের নির্দেশে মঙ্গলবার রাতে তাদের বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্র লীগের আহবায়ক দেবাংশু দাস মিঠু, এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পংকজ পুরকায়ন্ত, ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন ডায়মন্ড, ঈশা আলম, মঞ্জুর আহমদ, বেলাল উদ্দিন, আব্দুর রহিম রিপন, দেলোয়ার হোসেন, ঋতু দেব, রুমেল আহমদ ও জসিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24