মাদারীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী মারা গেছে। আহত হয়েছে আরেকজন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহরা হলেন- শিবচরের যাদুয়ারচর গ্রামের আল-আমিন মুন্সী (২১) ও একই গ্রামের আশিক হাওলাদার (২৫)।
উপজেলার পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম সাংবাদিকদের জানান, কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব প্রান্তে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মটরসাইকেল আরোহীদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়।
অপর আরোহী যাদুয়ারচর গ্রামের ইমরান হাওলাদারকে (৩০) গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সার্জেন্ট আসাদ জানান, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। শিবচর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24