কক্সবাজার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে কক্সবাজারে এক আওয়ামী লীগ নেতাসহ দু'জন ভেসে গেছেন। পানিবন্দি হয়েছে অন্তত দুই লাখ মানুষ।
সোমবার সকালে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি বদিউর রহমান (৫৭)। রোববার বিকালে নদীর পানিতে ভেসে যান মোহাম্মদ খলিলুর রহমান (২২) নামের একজন।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার অন্তত ১২টি ইউনিয়নের ৫০টির বেশি গ্রামের নিুাঞ্চল দুই থেকে পাঁচ ফুট পানির নিচে ডুবে গেছে।
তিনি জানান, বৃষ্টির পানির কারণে চকরিয়া-লামা-আলীকদম সড়ক ও চকরিয়ার জিদ্দাবাজার-মানিকপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি জানান, সকাল সাড়ে ৭টায় পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন বদিউর রহমান। ফজরের নামাজ শেষে লামা উপজেলার ইয়াংছা এলাকায় নিজের বাগান দেখতে যাওয়ার জন্য বাঁশের ভেলায় নদী পারাপারের সময় ভেসে যান।
এছাড়া রোববার বিকালে মাতামুহুরি নদীর পানিতে ভেসে আসা জ্বালানি কাঠ ধরতে গিয়ে সুরাজপুর গ্রামের মোহাম্মদ খলিলুর রহমান ভেসে যায়।
সোমবার রাত ১২টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।
কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ শহিদুল ইসলাম জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই বৃষ্টিপাত হচ্ছে। আরো কয়েকদিন এটা চলতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24