ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও মানিকগঞ্জে সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে দুপুরে রাস্তা পারাপারের সময় লরি চাপায় নিহত হন কুলসুম বেগম (৫০)।
তার বাড়ি জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামে।
রায়গঞ্জ থানার ওসি মো. সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধুকুরিয় গ্রাম থেকে চান্দাইকোনা আসার পথে রাস্তা পারাপারের লরিটি কুলসুম চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মগেং পাঠানো হয়েছে। লরিটি বগুড়ার হাইওয়ে পুলিশ আটক করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার মহেশপুর উপজেলার পুরোন্দরপুরে বাস চাপায় মারা যায় সোহান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র।
সোহান ফতেপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। সে ফতেপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মহেশপুর থানার ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, দুপুরে সোহান বাইসাইকেলে করে খালিশপুর বাজারে যাচ্ছিলো। এ সময় জীবননগরগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ঘটনার পর মহেশপুর জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ছাত্ররা কিছু সময়ের জন্য কালীগঞ্জ-জীবননগর সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি রশিদ।
মনিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান ও সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২০জন আহত হয়েছে।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী একটি বাস সকালে মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। অপর বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায়। এ সময় ২০জন আহত হয়।
এছাড়া সাটুরিয়া উপজেলার গোলড়া ফাঁড়ির উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী কোচ এক সাইকেল আরোহীকে পেছন দিকে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ধলা মিয়ার (৬০) বাড়ী ওই উপজেলার ধানকোড়া গ্রামে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24