কক্সবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দ্য রোড ট্রিপ কাপল' এখন বাংলাদেশে। কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে অস্ট্রেলীয় এই দম্পতিকে।
গাড়ি নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়া আ্যান্ড্রু প্যাটানগিল-অ্যানা দম্পতি গত ৯ জুলাই কক্সবাজার পৌঁছান।
২৬ বছরের পুরনো একটি ল্যান্ড ক্রুজার নিয়ে পাড়ি দিয়েছেন প্রায় আট হাজার কিলোমিটার পথ।
'দ্য রোড ট্রিপ কাপল' নামের এই অভিযাত্রায় ইতিমধ্যে তারা ভ্রমণ করেছেন অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, নেপাল, ভারত ও মিয়ানমার।
পাঁচ বছর আগে অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করে ২১ এপ্রিল ভারতের বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন এই দম্পতি।
কক্সবাজার শহর থেকে খানিক দূরে ইনানি সৈকতের কাছে পেঁচার দ্বীপে মারমেইড ইকো-রিসোর্ট নামে একটি বেসরকারি রিসোর্টেই কাটছে তাদের সমুদ্র অবকাশের দিনগুলি।
অ্যান্ড্রু প্যাটানগিল বলেন, "নানা দেশের নানা সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থেকেই আমাদের এই অভিযাত্রী জীবনের শুরু।"
তিনি বলেন, "ভিনদেশের মানুষের সঙ্গে পরিচয় হওয়াটাই তো দারুণ এক ব্যাপার। পাঁচ বছরের এই ভ্রমণে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"
দীর্ঘ পথপরিক্রমার স্মৃতিচারণ করে অ্যান্ড্রু জানালেন, কম্বোডিয়ায় তারা ম্যালেরিয়ায় আক্রান্ত হন। বাংলাদেশে শিকার হয়েছেন খাদ্য বিষক্রিয়ার। এ জন্য ঢাকায় সাত দিন চিকিৎসাও নিতে হয়েছে।
'মোবিল ওয়ান' নামে একটি বহুজাতিক কোম্পানি তাদের এই ভ্রমণে পৃষ্ঠপোষকতা করছে। সহযোগিতা করছে ছোট আরও কিছু কোম্পানি। বাংলাদেশে আসার পর সহযোগিতা পাচ্ছেন মারমেইড ইকো রিসোর্টের।
অ্যান্ড্রু জানালেন, ব্র"কলিনে শিপিং বিল্ডার্স কোম্পানি 'এপি শিপরাইট সার্ভিস' এর কর্ণধার তিনি। কোম্পানি থেকে প্রতি সপ্তাহে পান ৩০০ মার্কিন ডলার। সব মিলিয়ে ভালোই চলছে।
২০০৭ সালের অক্টোবরে এই ভ্রমণ শুরু করেন জানিয়ে তিনি আরো বলেন, "আমার গাড়ির পথ নির্দেশ করে অ্যানা। আশা করছি তাকে নিয়ে আগামী বছরই ভারত হয়ে ইংল্যান্ডের পথে যাত্রা শুরু করতে পারবো।"
অ্যানা বললেন, "লন্ডন গিয়ে এক বছর ব্যবসা করবো। ওই আয় দিয়ে শুরু করবো নতুন অভিযাত্রা। ইংল্যান্ড থেকে রাশিয়া ও কানাডা হয়ে আমেরিকা মহাদেশে ঢুকে পরবো।"
তিনি ১১ বছর আগে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া যান। সেখানেই অ্যান্ড্রুর সঙ্গে পরিচয় ও প্রণয়। পরে তাকেই বিয়ে করেন। এক সময় আইন পেশায় ছিলেন। এখন একজন ট্রাভেলার ও নেভিগেটর।
লন্ডন পৌঁছে এবারকার অভিযাত্রা শেষ করতে চান অ্যান্ড্রু। সেখানে এক বছর কাটিয়ে আবার বেরিয়ে পড়বেন ইউরোপ হয়ে আমেরিকা মহাদেশের পথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/০১২৭ ঘ.
bdnews24