২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ৫০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে রোববার ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 09:56 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে রোববার ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ীর শিশু মঙ্গল ও মাতৃসদন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। এতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ান ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার মাহবুবুল আলম সকালে ঢাকা-মাওয়া সড়কে অবস্থিত যাত্রাবাড়ি শাখায় এসে ৫০ লাখ টাকা নেন। এই টাকা দুইটি ব্যাগে নিয়ে তিনি একটি প্রাইভেট কারে করে বেলা ১১টার দিকে তার শাখা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মোকতার হোসেন জানান, প্রাইভেট কারের চালক হারুনের পাশের আসনে মাহবুবুল আলম বসেছিলেন। টাকাভর্তি ব্যাগ দুটি তার এবং চালকের মাঝখানে ছিলো। গাড়িতে আর কেউ ছিলনা। ম্যানেজারের উদ্ধিৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, তাদের গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিশু মঙ্গল ও মাতৃসদন ক্লিনিকের সামনে আসলে দুটি মোটর সাইকেলে করে আসা চার সন্ত্রাসী তাদের গতিরোধ করে। সন্ত্রাসীরা প্রথমে তাদের গাড়ি লক্ষ্য করে একটি গুলি করে। পরে সন্ত্রাসীরা চালক এবং ম্যানেজারের দিকের গাড়ির গ্লাস অস্ত্রের বাট দিয়ে ভেঙ্গে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ দুটি নিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দ্রুত নারায়ণগঞ্জের দিকে চলে যায়। ম্যানেজার পুলিশকে বলেছেন, সন্ত্রাসীদের মধ্যে দুজনের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা এর আগেও এভাবে টাকা আনা নেওয়া করতেন বলে ম্যানেজার পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন। ওসি মনিরুজ্জামান জানান, চালক এবং ম্যানেজারকে আটক করা হয়েছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতো টাকা নিয়ে যাওয়ার সময় প্রইভেট কারটিতে ব্যাংকটির নিজস্ব কোনো নিরাপত্তাকর্মী ছিলো না বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯০৬ ঘ.