২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যমান আইনেই সড়ক দুর্ঘটনা হ্রাস সম্ভব: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিদ্যমান আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিদ্যমান আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করা হবে। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সাইফ ফাউন্ডেশন ও ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্ট (ফুয়ারা) আয়োজিত 'সড়ক দুর্ঘটনা প্রতিরোধ: সামাজিক, রাষ্ট্রীয় ও আইনগতভাবে গ্রহনীয় পদক্ষেপ' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ-এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য তারানা হালিম, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সচিব আবু আলম মোহাম্মদ শরীফ খান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এম আইয়ুবুর রহমান, ফুয়ারার আহ্বায়ক একরাম আহমেদ, সাইফ ফাউন্ডেশনের চেয়ারপারসন বেগম সামিয়া হালিম, মো. সিদ্দুকুর রহমান প্রমুখ। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা সেমিনারে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, "বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করার যে দাবি উঠেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে তা করা হবে। কেননা, আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী আইন তৈরি করে থাকে।" তিনি বলেন, "সড়ক দুর্ঘটনা দেশের একটি বড় সমস্যা। এই সমস্যাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিৎ। আবেগময় বক্তব্য দিয়ে নয়, বাস্তব দিক বিবেচনা করে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে।" শফিক আহমেদ বলেন, "ডিএমপি কমিশনের একটি লেখা এখানে উপস্থাপন করা হয়েছে। সেখানে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ওভারলোডিং, ওভারটেকিং ওভারস্পিডের কথা বলা হয়েছে। কিন্তু এই বিষয়গুলো দেখার দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ প্রসাশন। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলেই এসব ঘটনা রোধ করা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় রাস্তার পাশে ওভারলোডেড গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক পুলিশ অর্থের বিনিময়ে সমঝোতা করে তা ছেড়ে দিচ্ছে।" শামসুল হক টুকু বলেন, "একজন মানুষ ঘর থেকে বের হওয়ার পর সে সন্ত্রাসী, জঙ্গিবাদ কিংবা সড়ক দুর্ঘটনার শিকার হলো কি না এসব চিন্তা আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। এসবের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে।" তিনি বলেন, "স্বাধীনতার ৪০ বছর পর আমরা নির্ধারণ করতে পারিনি দেশ কিভাবে পরিচালিত হবে। সড়ক দুর্ঘটনা সম্পর্কিত আইনের পরিবর্তন আমিও কামনা করি। বর্তমান আইন দিয়ে, শাস্তি দিয়ে বেপরোয়া গাড়ি চালকদের বিরত করা যাবে না।" আইন পরিবর্তনে মালিক, চালক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তারানা হালিম বলেন, "বেপরোয়া গাড়ি চালকরা অপরাধ করেও বড় ধরণের শাস্তি না হওয়ায় এবং আইনের দুর্বলতার কারণে ছাড়া পেয়ে যায়। অন্য দিকে ভুক্তভোগী পরিবার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়।" বেপরোয়া গাড়ি চালনায় কারও প্রাণহানি ঘটলে তিনি সেই চালকের শাস্তি যাবজ্জীবন করার দাবি জানান। তারানা হালিম সড়ক দুর্ঘটনায় নিহত সাইফের খালা। উচ্চ শিক্ষা লাভের জন্য সাইফের অষ্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েকদিন আগে সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। সাইফের মা বেগম সামিয়া হালিম ও বাবা একরাম আহমেদ অশ্র"স্বজল চোখে সাইফকে স্মরণ করে বলেন, "এভাবে যেন আর কারোও বুকের ধনকে না হারাতে হয়।" সেমিনারে অন্য বক্তারা সড়ক দুর্ঘটনার জন্য ক্রুটিপূর্ণ সড়ক ও যানবাহন, পথচারীদের অসচেতনতা, চালকদের অদক্ষতা এবং বিআরটিএর অব্যবস্থাপনাকে দায়ী করেন। সভাপতির বক্তব্যে আবদুল আজিজ বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা যারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য কাজ করে মূলত তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। সমন্বয় না বাড়াতে পারলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য যত উদ্যোগই নেওয়া হোক না কেন তাতে কোন ফল আসবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৫২০ ঘ.