সিরাজগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে একটি অটো রাইস মিলের গুদাম থেকে ত্রাণের জন্য আসা বিশ্ব খাদ্য কর্মসূচির ৩৬৯ বস্তা চালসহ চারজনকে র্যাব আটক করেছে।
রোববার রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জ র্যাব-১২'র সদস্যরা সদর উপজেলার রামগাতী গ্রাামের ভাই-ভাই অটো রাইস মিলের গুদামে এই অভিযান চালায়।
আটক চারজন হলেন- মিলের ম্যানেজার দেলশাদ আলী (৩০), বিক্রেতা নুরুল হুদা (৩৫), আলী হোসেন (৪০) ও হযরত আলী (৩৬)।
মিলের দুই মালিক আবু তাহের ও আতাহার আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
র্যাব-১২ এর সিনিয়র এএসপি মো. শহিদ উল্লাহ জানান, গোপন সংবাদ পেয়ে ওই মিল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবস্তা ৫০ কেজি ওজনের ৩৬৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যাওয়ায় মিলের দুই মালিককে আটক করা যায়নি।
এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে গুদামটি বন্ধ করে দেওয়া হয়।
মালামালসহ আটকদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মিল মালিকসহ ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরো জানান, জেলার যমুনা চরাঞ্চলে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ত্রাণের এই চাল স্থানীয় বিভিন্ন এনজিও'র কাছ থেকে কালোবাজারে কিনে একটি চক্র দীর্ঘদিন থেকে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24