ঢাকা, ০৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে রোববার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশের কাজে বাধা দেওয়ায় গত ১৭ ফেব্র"য়ারি পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পল্টন থানার ওসি শহীদুল হক।
শহীদুল হক জানান, বিকাল সাড়ে চারটার দিকে নিজামীকে কারাগার থেকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে সকালে কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
আদালত এই মামলায় নিজামীকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার তিন দিন হেফাজত মঞ্জুর করে।
এ মামলায় এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয়। গত বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
এ মামলার তাদের জিজ্ঞাসাবাদ শনিবার শেষ হলেও পল্টন থানার অপর একটি মামলায় তাদেরকে আলাদাভাবে তিন দিনের হেফাজত মঞ্জুর থাকায় আদালতে না পাঠিয়ে গোয়েন্দা দপ্তরে রাখা হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।
পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিল সমাবেশ নিষেধ সত্ত্বেও মিছিল করে ভিআইপি সড়কে রাষ্ট্রপতির গাড়ি বহরে বাধা দেওয়ার চেষ্টা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলাটি গত ১২ ফেব্র"য়ারি পল্টন থানায় (মামলা নং- ২০) দায়ের করা হয়। এই মামলায় মুজাহিদ এবং সাঈদী ছাড়াও নিজামীরও রিমান্ড মঞ্জুর হয়ে আছে।
১৭ ফেব্র"য়ারির মামলার হেফাজত শেষে ১২ ফেব্র"য়ারির মামলায় নিজামীকে হেফাজত রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এই থানায় দায়ের হওয়া মোট তিনটি মামলার প্রত্যেকটিতে তাদের প্রত্যেককে ৯ দিনের হেফাজত মঞ্জুর করে আদালত।
১৭ ফেব্রুয়ারির মামলায় তিনজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা অসুবিধা বিধায় সুবিধাজনক সময়ে নিজামীকে হেফাজতে নেওয়া হবে শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন।
গত মঙ্গলবার নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে তিনটি থানার মোট ৫টি মামলায় ১৬ দিনের হেফাজত মঞ্জুর করে আদালত।
এর মধ্যে পল্টন থানার তিনটি মামলায় তিন দিন করে নয় দিন, উত্তরা থানার একটি মামলায় তিনদিন এবং রমনা থানার একটি মামলায় চার দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এমএসবি/১৮১৫ঘ.
bdnews24