২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশেদুল-স্মৃতি আরো ২ দিনের রিমান্ডে

জুরাইনে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে করা মামলায় নিহত ফারজানা কবির রিতার স্বামী রাশেদুল কবির ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আবারো নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে করা মামলায় নিহত ফারজানা কবির রিতার স্বামী রাশেদুল কবির ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আবারো নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) শেখ মাহবুবুর রহমান রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন। একই সময়ে তাদের পক্ষে জামিন আবেদনও করা হয়। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে গত ২৬ জুন রাশেদুল ও স্মৃতিকে সাত দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ গত ২৬ জুন গুলশানে পিজ্জা হাটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া রাশেদ ও এমদাদুল হক লাল। সরকার পক্ষে ছিলেন সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা এসআই সালোয়ার হোসেন। গত ১১ জুন জুরাইনের কদমতলী থানার আলমবাগ এলাকার বাড়ি থেকে ফারজানা কবির রিতা (৩৫), তার ছেলে ইশরাক কবির পবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েল (১১) এর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিতার মা মাজেদা বেগম আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে রাশেদুলের বাবা দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, নূর বানু, তাদের ছেলে ও রিতার স্বামী রাশেদুল কবির, মেয়ে কবিতা, সুখন ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারি, রাজিয়া সুলতানা স্মৃতি, গাড়িচালক আল আমিনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন। মৃত্যুর আগে রিতা তাদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান। রাজিয়া সুলতানা স্মৃতির সঙ্গে স্বামী রাশেদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই, একথা লেখা একটি কাগজে জোরপূর্বক রাশিদুল স্বাক্ষর নিয়েছে-এই মর্মে একটি অভিযোগও দেয়ালে লেখা রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএসবি/১৭৩২ঘ.