ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হেফাজত থেকে শনিবার দুই আসামি পালিয়ে গেছে।
এরা হলেন- নবীনগর উপজেলার আলমনগর গ্রামের রিগান (২৮) ও সুমন (৩০)।
শুক্রবার রাতে নবীনগর উপজেলার সালাম রোডে এ ঘটনা ঘটে।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টায় নবীনগর পৌর এলাকার টিএন্ডটি সড়কে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় রিগান, সুমন ও নুরুজ্জামানকে (৩০) পুলিশ আটক করে।
তাদের কাছ থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়।
এরপর হাতকড়া পরিয়ে নবীনগর থানায় আনার সময় কৌশলে রিগান ও সুমন পালিয়ে যায়।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, ওই সময় আসমিদের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আব্দুল আউয়ালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24