ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী আগামী ৭ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচি সফল করতে যৌথসভায় বসছে প্রধান বিরোধী দল বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকাল ১১টায় এই সভা শুরু হওয়ার কথা।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বেলা ১১টায় যৌথসভা বসবে। এতে দলের সহসভাপতি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের।
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৭ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচি সফল করতে এই সভা হচ্ছে বলেও তিনি জানান।
গত ২৭ জুনের হরতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে পরদিন (২৮ জুন) মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ থেকে মহাসচিব দেলোয়ার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে মানববন্ধন কর্মসূচি সফল এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ করেন।
একইসঙ্গে এক বিবৃতিতে জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর অবিলম্বে মুক্তি দাবি করেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০১৯ ঘ.
bdnews24