ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় রোকেয়া সরণীতে যানবাহন চলাচল শুরু হয়েছে। এর আগে সেখানে রাস্তা অবরোধকারী তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়।
কারখানা খুলে দেওয়ার দাবিতে বুধবার সকাল ৮টার দিকে শেওড়াপাড়ার কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক রোকেয়া সরণী অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। এর এক পর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে তাদের সঙ্গে পুলিশের সংঘাত শুরু হয়।
এ ঘটনায় মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণীতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে মানুষ।
দুপুর সাড়ে ১২টার পরপর র্যাব ও পুলিশ সড়কটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৯৬৫- শেওড়াপাড়ায় অবস্থিত আউটফিট, আউটরাইট ও আউটওয়্যার ফ্যাশান লিমিটেড এবং আউটরাইট ফ্যাশন ইউনিট টু এর শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে ফটকে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে সকাল ৮টার দিকে রোকেয়া সরণীতে নেমে আশপাশের শ্রমিকদের তাদের বিক্ষোভে অংশ নেওয়ার ডাক দেয়। তাতে সাড়া দেয় অনেকে।
পুলিশ সোয়া ১০টার দিকে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শেওড়াপাড়ার রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। এরপর শ্রমিকরা শেওড়াপাড়ার আশপাশের অলিগলি এবং রোকেয়া সরণীর কাজিপাড়া ও আগারগাঁও এলাকায় অবস্থান নেয়।
তারপর থেকে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘাত হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, শতাধিক কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে শেওড়াপাড়া জামে মসজিদ থেকে মাইকিং করে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, বিকালে স্থানীয় সাংসদ কামাল আহমদ মজুমদারের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় গার্মেন্ট মালিক পক্ষের লোকেরা থাকবেন উল্লেখ করে শ্রমিকদের তাতে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়।
সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা শেওড়াপাড়া এলাকার কয়েকটি কারখানায় ভাংচুর চালানোর পর সেখানকার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এর আগে গত মঙ্গলবার সহকর্মীকে মারধরের ঘটনায় রোকেয়া সরণী অবরোধ করে বিক্ষোভ করেছিলো এই কারখানাগুলোর শ্রমিকরা।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা শেওড়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আশ্রাফ আলী মার্কেটে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
এ ঘটনায় মার্কেটের মালিক মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের ছেলেরা শ্রমিকদের ধাওয়া করে। এ সময় তারা দুই শ্রমিককে মারধর করলে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে।
শ্রমিকদের শান্ত করতে র্যাব সদস্যরা আবদুল কাদের, তার দুই ছেলে রফিক ও শফিককে আটক করে। এরপর থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসতে শুরু করে। তবে আবদুল কাদেরকে রাতেই দেড়ে দেয় র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৩১৬ ঘ.
bdnews24