২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সকালে সদর উপজেলার হালসা বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

নাটোর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সকালে সদর উপজেলার হালসা বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহত হালসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলম সরকার, আনিছুর রহমান ও তার স্ত্রী জাহেরা বেগমসহ অন্যদের নাটোর সদর ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হালসা বাজারের শতাধিক ব্যবসায়ী দুপুর ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে হালসা বাজারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান আলীর সমর্থকদের সঙ্গে দলের হালসা ইউনিয়ন সভাপতি আলম সরকারের সমর্থকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীরা দোকান খুললে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বাজারের মুদি ব্যবসায়ী সৈয়দ আলী বলেন, ভাংচুর ও লুটপাটের আশঙ্কায় ব্যবসায়ীরা বাজারের শতাধিক দোকানপাট বন্ধ রাখেন। হালসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলম সরকার বলেন, "ওসমান আলীর ছেলে কামরুল অন্যায়ভাবে এলাকায় ক্ষমতা দখলের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় তারা আমাদের মারধর করে।" দলের উপজেলা সভাপতি ওসমান আলী ওই অভিযোগ অস্বীকার করে বলেন, "আলমের ছেলে মাসুম এলাকায় ডলার ব্যবসাসহ নানা তৎপরতা শুরু করলে আমরা এর প্রতিবাদ করি। তাই তারা শহর থেকে মাস্তান এনে আমাদের ওপর হামলা করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৭ ঘ.