নেত্রকোনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বড় ধরনের কোন সহিংসতার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নেত্রকোনায় পালিত হলো বিএনপির ডাকা হরতাল কর্মসূচি।
রোববারের হরতালে জেলা শহরের কুড়পাড় এলাকার আবু আব্বাস কলেজের সামনে পিকেটিং করার সময় জেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মোতালিবের পুত্র ছাত্রদল কর্মী অনিককে আটক করেছে মডেল থানা পুলিশ।
তবে জেলার সরকারি অফিস, আদালত, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগই খোলা ছিল। দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক না থাকলেও ট্রেন চলাচল ছিল প্রতিদিনের মত ।
সকালে জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আ.খ.ম শফিকুল হক ও মদন উপজেলা বিএনপির সভাপতি এম.এ হারেছের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা ।
হরতাল চলাকালে জেলা শহরের মসজিদ কোয়ার্টার ও কুড়পার নামক স্থানে ২-৩টি যানবাহনে ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ীর সামনের কাঁচ ভাংচুর করে হরতালের সমর্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬২৭ঘ.
bdnews24