২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের সড়ক অবরোধ, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে আটক বাংলাদেশি ট্রাক ড্রাইভার মুক্তি না পাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 08:39 AM

Updated : 25 Aug 2022, 12:44 PM

বেনাপোল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে আটক বাংলাদেশি ট্রাক ড্রাইভার মুক্তি না পাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা বেনাপোল বন্দরের সড়ক অবরোধ করে রাখায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে আটক ট্রাক ড্রাইভার রুবেলকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। বেনাপোল স্থলবন্দর চেকপোষ্টের কাস্টম কার্গো শাখার সুপার তৌহিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৪ জুন রুবেল নামে বাংলাদেশি এক ট্রাক ড্রাইভার টাটা কোম্পানির দাপ্তরিক মালামাল বোঝাই ট্রাক নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যায়। সেখানে সিএণ্ডএফ পণ্য ছাড় করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো কাস্টম অফিসে দাখিল করতে পারেনি। এতে ওইসব পণ্য নিয়ে ভারতীয় ট্রাক ট্রার্মিনালে আটকে পড়ে রুবেল। ১৯ জুন কলকাতা কাস্টম অফিসের একটি দল রুবেলকে পেট্রাপোল বন্দর এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোন সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার বন্দরের সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তিন ঘণ্টা আমদানি- রপ্তানি বন্ধ থাকে বন্দরে। পরে পেট্রাপোল বন্দরে দু'দেশের কাস্টম এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। সে সময় রুবেলকে বুধবারের মধ্যে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে বুধবার পর্যন্ত রুবেল মুক্তি না পাওয়ায় বৃহস্পতিবার আবারো সড়ক অবরোধ করে বাংলাদেশের ট্রাক শ্রমিকরা। বেনাপোল সিএণ্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জামাল হোসেন জানান, তারা বিষয়টি নিয়ে পুনরায় বৈঠকে বসার চেষ্টা চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪৩২ ঘ.