ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসস্তোষ নিরসনে মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন সরকার দলীয় সাংসদরা।
তারা দাবি করেন, ২৭ জুনের হরতালে শ্রমিকদের সম্পৃক্ত করতে বিএনপি-জামায়াত তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সরকার দলীয় সাংসদরা একথা বলেন।
নরসিংদী-৩ আসনের সরকার দলীয় সাংসদ জহিরুল হক মোহন বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেন, "বিএনপি-জামায়াত গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টি করছে। তারা শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করে তাদেরকে হরতালে সম্পৃক্ত করতে চাচ্ছে। তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
তিনি আরো বলেন, "একজন গার্মেন্টস মালিক বেঁচে থাকতে আমরা এই শিল্পকে ধ্বংস হতে দেবো না।"
তিনি তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, আপনারা শান্ত হোন। একটু ধৈর্য্য ধরুন। সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়িত হলে বকেয়াসহ আপনাদের বেতন পরিশোধ করা হবে।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, গার্মেস্টস শিল্পের মালিকরা অসহায় হয়ে পড়েছেন। এই শিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। আমাদের গার্মেস্টস শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রওশন জাহান সাথী তৈরি পোষাক শিল্পে 'ট্রেড ইউনিয়ন' চালুর দাবি জানিয়ে বলেন, বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ করতে হবে।
আলোচনায় আরো অংশ নেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, নজরুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম, ইলিয়াস উদ্দিন মোল্লা, সারাহ হোসেন কবরী, মমতাজ বেগম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২১২৫ ঘ.
bdnews24