২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৬০ গ্রামের মানুষ পানিবন্দি

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নেত্রকোনার তিনটি উপজেলার ৬০ গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

নেত্রকোনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নেত্রকোনার তিনটি উপজেলার ৬০ গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দূর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার ১৪টি ইউনিয়নের এসব গ্রাম প্লাবিত হয়। এতে ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হারনুর রশীদ সাংবাদিকদের জানান, অবিরাম বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নামে ঢলে দূর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি বেড়ে গেছে। এ কারণে গাওকান্দিয়া, কুল্লাগড়া, বাকলজোড়া, ঝাঞ্জাইল, বিরিশিরি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম ডুবে যায়। কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে লেংগুরা, রংছাতি, খারনই, পোগলা, বড়কাপন ও কৈলাটী ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম। হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পানি বেড়ে চাকুয়া ও জগন্নাথপুর ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়। পানিতে ওই সব এলাকার অনেক সড়ক তলিয়ে গেছে। পাউবো কর্মকর্তা জানান, সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে, উব্দাখালী নদীর পানি ৫৬ সেন্টিমিটার ও ধনু নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেকান্দর হায়াত রিজভী জানান, তিন উপজেলার প্রায় ৫৫ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। তিনি জানান, উপজেলার সীমান্তবর্তী খারনই ও রংছাতি ইউনিয়নের বেশ কিছু কাঁচা ঘর পানির তোড়ে ভেসে গেছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, গো-খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, দুর্গত গ্রামগুলোতে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯২২ ঘ.