ব্রাহ্মণবাড়িয়া, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
আগেরদিনের সংঘর্ষের জেরে সোমবার বিকালে উপজেলা সদরের উচালিয়া পাড়ার পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রিগেন (২৫), আসলাম (৩০), শাহআলম (৩৫), আলমগীর (২৬), দিদার (২৭), কামাল (৩৫), আমির (২৫), সালাম (২০), ইসহাক (৫০), মনমিয়াসহ (৩৫) অন্তত ১০ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান সরাইল থানার ওসি সুভাস চন্দ্র সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে পূর্বপাড়ার সাদেক মিয়া ও পশ্চিম পাড়ার ইসহাক মিয়ার লোকজন ফুটবল খেলার জন্য সরাইল হেলিপ্যাডের মাঠ দখল করতে গেলে দু'পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এ সময় সাদেক মিয়ার পক্ষের আব্দুল মান্নান নামের একজন আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার বিকালে গ্রামে তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে সাদেক মিয়ার লোকজন ইসহাক মোল্লার সমর্থকদের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালালে দুই দলের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
পরে সরাইল থানা পুলিশ গিয়ে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৯ ঘ.
bdnews24