২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরান হত্যাচেষ্টা: মুফতি হান্নানসহ ৬ জন অভিযুক্ত

সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রধান মুফতি হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

সিলেট, জুন ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রধান মুফতি হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনজুরুল হক খান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযুক্ত বাকিরা হলেন- শরীফ শাহেদুল আলম বিপুল, মুফতি হান্নানের ভাই মুহিবুল্লাহ ওরফে অভি, মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলওয়ার হোসেন রিপন ও হিমু ওরফে হুমায়ূন কবীর। অভিযোগ গঠনের সময় পলাতক হিমু ছাড়া বাকি পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের সভার শেষ পর্যায়ে মেয়র কামরানকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়। এতে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন। ঘটনার পরদিনই সিলেট কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন। গত ১৫ জুন বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ গঠন করা হয়। সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সামসুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মুফতি হান্নান নিজেকে নির্দোষ দাবি করেছে। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে দেশের সব বোমা ও গ্রেনেড হামলা মামলায় আসামি করা হচ্ছে। মুফতি হান্নান মামলার পুনর্তদন্ত দাবি করে চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও জিজ্ঞাসাবাদ করার আবেদন জানান। ২০০৫ সালের ২ ডিসেম্বর নগরীর টিলাগড়ের আবু হানিফ কুনু মিয়ার কলোনিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কামরানকে লক্ষ্য করে আরেক দফা গ্রেনেড হামলা চালানো হয়। ওই ঘটনার পরদিন কোতয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক আবদুল মজিদ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। পরের বছর ৪ সেপ্টেম্বর হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল গ্রেপ্তার হলে গুলশান ও টিলাগড়ে গ্রেনেড হামলার সঙ্গে আসামিদের জড়িত থাকার তথ্য পায় গোয়েন্দা পুলিশ। দুই মামলাতেই মুফতি হান্নানসহ ওই ছয়জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০০২ ঘ.