ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া পাওনার দাবিতে লাগাতার গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দৈনিক যায়যায়দিনের সাবেক সাংবাদিক ও প্রেস কর্মচারীরা।
সোমবার থেকে রাজধানীর এইচআরসি ভবনের সামনে অনশন শুরু হবে বলে কর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৫ জুনের মধ্যে পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।
রোববার সকালে বকেয়া পাওনার দাবিতে যায়যায়দিন কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বকেয়া পাওনার দাবিতে শতাধিক সাংবাদিক-কর্মচারী অংশ নেন। দেড় থেকে দুই বছর ধরে যায়যায়দিন কর্তৃপক্ষ বকেয়া পাওনা পরিশোধ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাংবাদিকরা।
তারা পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন যায়যায়দিনের সাবেক চিফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, শিমুল মাহমুদ, সাবেক ফিচার সম্পাদক মাসুদ রুমী, সাংবাদিক আলতাব হোসেন, গোলাম শরীফ শাকিল, মহসীন আলী, শরীফ রনি, প্রিন্স মাহমুদ অর্নব, রফিকুল ইসলাম ভূইয়া, মঞ্জুরুল করিম, রেজাউল করিম, হাবিবুর রহমান খান, শরিফ উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২২৯ ঘ.
bdnews24