২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে: শিক্ষামন্ত্রী

কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। সভাপতির ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, অচিরেই টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য একটি আইন তৈরি করা হবে। এরপর কলেজটিকে পূর্ণাঙ্গ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করা হবে। এ বছরই প্রথমবারের মতো দেশে 'কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ' পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরী শিক্ষা অধিদপ্তর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। শিক্ষামন্ত্রী বলেন, "যেহেতু এ শিক্ষা জীবনমুখী, বাস্তব ও দক্ষতার সমন্বয়কারী এবং অর্থনৈতিক মুক্তির উপায় দেখায়, তাই এ শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ সেক্টরের সমস্যাগুলোকে সুনির্দিষ্ট করে চিহ্নিত করে সমাধানের উপায় বের করাই হবে এ সপ্তাহের মূল দায়িত্ব। সামাজিকভাবে কারিগরী শিক্ষার স্বীকৃতি কম-এ কথা উল্লেখ করে নাহিদ বলেন, "অভিভাবকরা ভাবেন এ শিক্ষার মর্যাদা নেই। কিন্তু এ শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব।" তিনি অভিভাবকসহ সবার প্রতি মনোভাব পরিবর্তন করে এ শিক্ষাকে সামাজিক স্বীকৃতি দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সপ্তাহ উদ্বোধন করার কথা থাকলেও অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। স্বাগত ভাষণে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান বলেন, গত বছর প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ ছিলো প্রায় দশ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট জিডিপির ১১ শতাংশের বেশি। কিন্তু বিদেশে কর্মরত কর্মীদের অর্ধেকেরও বেশি অদক্ষ। তিনি কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে রপ্তানি করে আহরিত অর্থ কয়েকগুন বৃদ্ধি সম্ভব বলে আশা প্রকাশ করেন। কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বিরাট অংশ স্কুলে যায় না। এ হিসাব ৯৪ দশমিক ৫ লাখ। এই ঝরে পড়া শিক্ষার্থীদের কারিগরী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবলে পরিণত করতে পারলে তারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমানুর রশীদ প্রমুখ। অনুষ্ঠান শেষে অনলাইনে প্রকৌশল ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/কেএমএম/১৫০২ ঘ.